News update
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     

একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-06-20, 3:48pm

c722544ec8b23f1bd450dbe0253b5acfb90a8dbca02edf10-6d9cee086de9dd7953060be9aa29cdf11781948886.jpg




স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য দলটি গত পাঁচ দশক ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায় এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নই। আমরাই একমাত্র দল, যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

এর আগে এলজিইডি কর্তৃক দুই কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ভবেরচর বাজারের দ্বিতল মার্কেট এবং দুই কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে কালীতলা-হোগলাকান্দি দুই কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি ফলক উদ্বোধন করেন।

পরে এলজিআরডি মন্ত্রী মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর বাঁশ-কাঠের পুল পরিদর্শন করেন এবং তিনি জেলা শহরের সার্কিট হাউস মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন। এতে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।  এতে প্রধান অতিথির ভাষণ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ৯ জন সংসদ সদস্য। এদের মধ্যে  মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।  ছয় জন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে অংশ নেন তাহসিনা রুশদি,  মোসাম্মৎ শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবীবা, মমতাজ আলো ও সানজিদা ইসলাম। মতবিনিময় সভাটিতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী। আরও দুইজন বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের সুপার মো. মেনহাজুল আলম ও  জেলা পরিষদ প্রশাসক একেএম ইরাদত মানু। 

বক্তব্য রাখেন বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মতবিনিময়ের শুরুতেই আয়োজনটিতে জুলাই যোদ্ধাদের হাতে অনুদান বিতরণ করা হয়।