
A Meeting was held in roof-top solar energy at Kalapara on Sunday 21 September 2026.
পটুয়াখালী: ছাদ ভিত্তিক সৌরবিদ্যুতের সুবিধা, সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সৌরবিদ্যুৎ বিষয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে একটি নীতিপত্র উপস্থাপন করা হয়।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী, প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম প্রমূখ। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভার সঞ্চালনা করেন মো. নজরুল ইসলাম, সদস্য সচিব, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী।
সভার শুরুতে "ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা" বিষয়ক নীতিপত্র উপস্থাপন করেন প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে। এই নির্ভরতা বিদ্যুৎ উৎপাদন ব্যয়, ভর্তুকি এবং জ্বালানি নিরাপত্তার ওপরও চাপ তৈরি করছে। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত দুই দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ক্যাপাসিটি চার্জ বাবদ ১ লাখ ৭৮ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করেছে, যা দিয়ে প্রায় ৩২,৪০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব হতো। এছাড়া সমন্বিত উদ্যোগের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে। - গোফরান পলাশ