
দীর্ঘ ১৮ মাসের কার্যক্রম শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিদায়ী পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামের অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পেজটি চালু করা হয়েছিল। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা ৪৪ লাখের বেশি।
বিদায়ী বার্তায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাসে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। সমর্থন, সহযোগিতা ও সমালোচনা এই যাত্রাকে আরও সমৃদ্ধ করেছে।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন-এর পরিচালনায় প্রথমে বিএনপি এবং পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা শপথ নেন।