
চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, গত বুধবার প্রবাসী আয় এসেছে এক হাজার ২৯১ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।