News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের মানসিকতা নিয়ে লড়তে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-08-24, 7:12am

kriiddaa_prtimntrii_0-b2bdb6e9fcaa4d741f721aec29cbf1ba1787533972.jpg




বিভিন্ন ফেডারেশন কর্মকর্তাদের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কেবল অংশ নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। বরং দেশের জন্য পদক জয়ের মানসিকতা নিয়ে লড়াই করতে হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আসন্ন ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রস্তুতি ও প্রশিক্ষণের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।

যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সেরা খেলোয়াড়দের এশিয়ান গেমসের মূল দলে অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই যেন যোগ্য পারফর্মাররা বাদ না পড়েন। এছাড়া খেলোয়াড়দের উন্নত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য স্থায়ী কোচ নিয়োগের ওপর বিশেষ জোর দেন তিনি।

দল গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে হুশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেডারেশনের কর্মকর্তাদের হঠাৎ করে কোচ হিসেবে বিদেশ যাওয়ার প্রবণতা সম্পূর্ণ অশোভনীয়। উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন, শুটিং ফেডারেশনের এক কর্মকর্তাকে ক্যাম্প ডিরেক্টর হিসেবে পাঠানোর কথা থাকলেও তালিকায় তাকে পিস্তল কোচ দেখানো হয়েছে।

অফিশিয়াল কাউকে কোচ বানিয়ে পাঠানোর এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যিনি সারাবছর খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ দিয়েছেন, কেবল তাকেই আন্তর্জাতিক টুর্নামেন্টে কোচের দায়িত্ব দেওয়া হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।

এদিকে স্টেডিয়ামপাড়ার পরিবেশ উন্নত করার বিষয়েও কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সম্প্রতি ঢাকা ও কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আক্ষেপ করে বলেন, বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ ও মোবাইল কোর্ট পরিচালনার পরও সেখানকার পরিবেশের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এমনকি ক্রীড়া পরিষদের কিছু অসাধু ব্যক্তিও এই অনিয়মের সঙ্গে জড়িত বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কেবল অফিসে বসে দাপ্তরিক কাজ করলেই দায়িত্ব শেষ হয় না। বরং ফেডারেশন ভবন ও এর আশপাশের পরিবেশ খেলাধুলার উপযোগী রাখা সবার নৈতিক দায়িত্ব। দেশের সব জেলা স্টেডিয়াম এবং কমলাপুরের পরিবেশকে সত্যিকারের খেলাধুলাবান্ধব ও পরিচ্ছন্ন করে তুলতে ক্রীড়া কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় অংশ নেওয়া ফেডারেশনগুলোকে গেমসের দল প্রস্তুতি, খেলোয়াড় ও অফিশিয়ালদের সংখ্যা এবং বিদেশ ভ্রমণের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করারও নির্দেশ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।