
অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের সঙ্গেই আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বরং জীবনের কঠিন এক সময় পার করা এই অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও ভাবনা ভাগ করে নিচ্ছেন। এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের বিশ্বাস ও ধৈর্যের বার্তা দিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতিতে রয়েছেন তানিয়া বৃষ্টি। নাটক, ওটিটি ও চলচ্চিত্র—বিনোদনের বিভিন্ন মাধ্যমে অভিনয় করে দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর।
সে খবর অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ২য় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩য় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়— নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।’
এরপর গেল ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তাঁর হাতে হাসপাতালের ট্যাগ দেখা গিয়েছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আবার শুরু করি তানিয়া।’ এর দুইদিন পর ৩ এপ্রিল আরেক পোস্টে বৃষ্টি লিখেছিলেন, , ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’ এরপর কেটে গেছে কয়েক মাস।
চিকিৎসার এই কঠিন সময়েও নিজের মনোবল ধরে রাখার চেষ্টা করছেন তানিয়া। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেন তিনি। সেখানে লেখা ছিল, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (সূরা আল-বাকারাহ, আয়াত ১৫৩)
তানিয়া বৃষ্টির এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন। কঠিন সময় পেরিয়ে আবারও প্রিয় অভিনেত্রীকে অভিনয়ে দেখতে চান তারা।
প্রসঙ্গত, অভিনেত্রীর হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিতব্য এ ছবিতে আরও আছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।