News update
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Off Indonesia, Tsunami Alert     |     
  • Khaleda Zia: The Story of an Unyielding Political Leader     |     
  • Shipbreaking before releasing toxic gas kills 9 in Sitakunda     |     

‘শিকারী’ টিজারে জায়েদ খানের নতুন চমক

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-08-15, 10:02am

zahid_khan-7aaa0fb49caae97335382edab23da0951786766559.jpg




ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একটি চলচ্চিত্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দেশের পটপরিবর্তনের কারণে সেখানেই থেকে যান তিনি। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নানা অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি একটি সেলিব্রিটি শোর উপস্থাপক হিসেবেও দেখা গেছে তাঁকে।

গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছেন জায়েদ খান। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। একটি গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে।

এরই মধ্যে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার প্রকাশ পেয়েছে। আর কয়েক সেকেন্ডের টিজারেই চমক দিয়েছেন জায়েদ খান। বৃহস্পতিবার রাতে প্রকাশিত টিজারে তাঁকে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে ভিডিওচিত্রটি। এতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়াতেও উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, ‘টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।’

জানা গেছে, ‘শিকারী’ একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও যুক্ত ছিলেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো।

টিজারে জায়েদ খানের নাচ, গান এবং আমেরিকান মডেলদের উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। পুরো ভিডিওচিত্র প্রকাশের পর এটি কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।