News update
  • Dhaka’s air quality has been recorded ‘moderate’ on Saturday     |     
  • Bailey bridge collapse disrupts direct Dhaka link to Chandpur     |     
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     
  • Police on High Alert Over Possible Bomb Attack Threats     |     

অভিনয়ের পর অপূর্বর নতুন যাত্রা, দুই কিংবদন্তির শুভেচ্ছা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-08-08, 9:33am

apurba-c583d673efce7d866af747610469950b1786160031.jpg




অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দার জনপ্রিয় এই তারকা এবার হাজির হচ্ছেন ভিন্ন এক পরিচয়ে। অভিনয়ের পরিচিত জগত পেরিয়ে এবার গানের মঞ্চে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। 

শনিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রথম একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। নতুন এই যাত্রার আগে দেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীর ভালোবাসা ও শুভকামনা পেয়েছেন অপূর্ব।

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। অভিনয়ের পাশাপাশি গানের মানুষ হিসেবে অপূর্বর নতুন পরিচয় কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুকে কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীর শুভেচ্ছাবার্তার দুটি ভিডিও শেয়ার করেছেন অপূর্ব।

ভিডিওতে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ সবাইকে অনেক অনেক শুভেচ্ছ। আমার ভীষণ প্রিয় ও স্নেহভাজন অপূর্ব যেমন অভিনয় দিয়ে সবার মন জয় করেছে, তেমনিভাবে এখন গান দিয়ে সবাইকে মুগ্ধ করুক, এটা আমার দোয়া। দেশ ও প্রবাসের মাটিতে আমাদের বাংলা গান ও প্রকৃত সংস্কৃতিকে যারা উঁচুতে ধরে রাখে তাদের সঙ্গে আমি সবসময় আছি। আমি অপূর্বর এই পুরো আয়োজনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। অনেক ভালোবাসা আর শুভকামনা। অনেক দূর এগিয়ে যাও অপূর্ব।’

এই ভিডিওর ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘যাঁর গায়কী প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মনে জায়গা করে নিয়েছে, সেই কিংবদন্তির কাছ থেকে এমন ভালোবাসা ও অনুপ্রেরণা পাওয়া এক পরম প্রাপ্তি! হৃদয়ের গভীর থেকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

অন্য ভিডিওতে ফাহমিদা নবী বলেন, ‘অপূর্ব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি যতটা সুন্দর অভিনয় করো ততটাই সুন্দর করে গান করো। আমার খুবই ভালো লাগে। আমি যদি এখন নিউ ইয়র্কে থাকতাম তাহলে অবশ্যই তোমার অনুষ্ঠান দেখতে যেতাম। তুমি গান গাইবে, আমার অনেক ভালো লাগছে। তোমার জন্য অনেক শুভকামনা। অনুষ্ঠানটি অনেক ভালো হোক, অল দ্য বেস্ট।’

ভিডিওটির ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘আপনার কণ্ঠের জাদুর মতোই, এই ভালোবাসার শুভেচ্ছাগুলোই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ, নুমা আপু! ভালোবাসা ও শ্রদ্ধা।’

গানের মঞ্চে পা রাখার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বকে শুভকামনা জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই। একই সঙ্গে তারা নিউইয়র্কে বসবাসরত দর্শকদের কনসার্টে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংগীতানুষ্ঠান। এতে নিজের কণ্ঠে একাধিক জনপ্রিয় গান পরিবেশন করবেন অপূর্ব।

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা।