News update
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     
  • Court Denies Bail to 27 Detained From Jasad Office     |     
  • Bangladesh Plans Major River, Canal Restoration Drive     |     
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     

পে-স্কেল নিয়ে এবার সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-09-28, 6:11pm

img_20260928_181205-0467ed323b9d86a031035fa43abb00471790597553.png




সরকারি চাকরিজীবীদের পর এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে কাজ করছে অর্থ মন্ত্রণালয়। শিগগিরই পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে তাদের জন্য।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সরকারি কর্মচারীদের জন্য গত ২১ সেপ্টেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নবম পে-স্কেলের আওতায় আনার আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক গেজেট জারি করা হবে। এ নিয়ে মৌখিকভাবে আলোচনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে।

প্রধানমন্ত্রী ও তার শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন থেকে দেশে ফেরার পর গতি পেয়েছে বিষয়টি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। এরপর এমপিওভুক্ত জনবলকে নবম পে স্কেলের সুবিধা দিতে সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়া পর্যন্ত পৃথক গেজেট জারি করা সম্ভব হবে না।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।