News update
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     

লিংকডইনে আসছে আয় করার সুযোগ, থাকছে ৩ সুবিধা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-10-18, 8:54am

img_20261018_085249-30159d42a3f9ffd9f1b0c8970bd349b31792292067.jpg




পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে আয় করার নতুন সুযোগ তৈরি হচ্ছে। অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়া, কনটেন্টের দর্শক বিশ্লেষণ এবং ভিডিও থেকে বিজ্ঞাপনের আয় করার সুবিধা যুক্ত করছে প্ল্যাটফর্মটি। নতুন এসব সুবিধার মাধ্যমে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, পরামর্শক ও কনটেন্ট নির্মাতারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয়ের সুযোগ বাড়াতে পারবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসাবিষয়ক সাময়িকী ইনকর্পোরেটেডের এক প্রতিবেদন এবং লিংকডইনের আনুষ্ঠানিক ঘোষণা থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন সুবিধার প্রথমটি হলো অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা। এর মাধ্যমে অভিজ্ঞ পেশাজীবীরা নিজেদের দক্ষতা অনুযায়ী পরামর্শসেবা দিতে পারবেন। আগ্রহীরা নির্দিষ্ট সময় বুক করে অর্থের বিনিময়ে তাঁদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিজনেস প্রিমিয়াম গ্রাহকদের জন্য সুবিধাটি চালু হয়েছে। অন্য বাজারেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় সুবিধাটি কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ড্যাশবোর্ড। এতে অনুসারীর সংখ্যা বৃদ্ধি, পোস্টের কার্যকারিতা এবং দর্শকদের পেশাগত পরিচিতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ফলে কোন ধরনের কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে এবং কোন শ্রেণির মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা সহজে বুঝতে পারবেন নির্মাতারা। লিংকডইন জানিয়েছে, পর্যায়ক্রমে বিশ্বব্যাপী এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

তৃতীয় সুবিধাটি ভিডিও থেকে আয় করার সুযোগ। নির্বাচিত নির্মাতারা তাঁদের ভিডিওর আগে দেখানো বিজ্ঞাপন থেকে অর্থ আয় করতে পারবেন। তবে সুবিধাটি এখনো যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু নির্মাতা ও বিজ্ঞাপনদাতার মধ্যে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

এ ছাড়া ব্র্যান্ডের সঙ্গে কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ ও কাজের সুযোগ তৈরিতে ক্রিয়েটর মার্কেটপ্লেসেও সুবিধা রয়েছে। এর মাধ্যমে ব্র্যান্ডগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্মাতা খুঁজে নিতে পারে।

লিংকডইনের তথ্য অনুযায়ী, গত এক বছরে নিজেদের প্রোফাইলে ‘প্রতিষ্ঠাতা’ পরিচয় যুক্ত করা সদস্যের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। ২০২২ সালের তুলনায় এই সংখ্যা তিন গুণেরও বেশি। এতে বোঝা যায়, প্ল্যাটফর্মটিতে নিজস্ব উদ্যোগ ও ব্যবসা গড়ে তোলার আগ্রহ বাড়ছে।

লিংকডইনের লক্ষ্য, পেশাজীবীরা যেন নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও কনটেন্ট কাজে লাগিয়ে নতুন কাজ এবং আয়ের সুযোগ তৈরি করতে পারেন। তবে বাংলাদেশের ব্যবহারকারীরা নতুন সুবিধাগুলোর সবকটি কবে পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।