
তরুণদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় পর্যায়ে ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ নামে কেসভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে রবি আজিয়াটা পিএলসি।
রবির ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তিনজন করে দল গঠন করে বাস্তব জীবনের ডেটা সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা-সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান তুলে ধরতে হবে। সমাধানে গ্রাহকের আস্থা, ব্যবসায়িক প্রয়োজন ও নতুন প্রযুক্তির সম্ভাবনাও বিবেচনায় নিতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। ১ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে রবির ওয়েবসাইটের robi.com.bd/privacy-avengers ঠিকানায়। প্রতিযোগিতায় মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত কেস বিশ্লেষণ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে কনসেপ্ট পেপার জমা দিতে হবে। প্রাথমিক বাছাইয়ে সেরা ২০টি দল ‘প্রাইভেসি ডিফেন্ডারস’ হিসেবে পরবর্তী ধাপে যাবে। সেখান থেকে নির্বাচিত ১০টি দল শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ ও দিকনির্দেশনা পাবে।
চূড়ান্ত পর্বে ১৩ অক্টোবর গ্র্যান্ড জুরির সামনে দলগুলো তাদের সমাধান উপস্থাপন করবে। ১৫ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দলকে ‘প্রাইভেসি গার্ডিয়ান ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হবে।
রবি জানিয়েছে, তরুণদের দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারে উৎসাহিত করা এবং ভবিষ্যতের ডিজিটাল নেতৃত্ব তৈরিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।