
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত
উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসেছেন দেশ দুটির প্রতিনিধিরা।
ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার।
মধ্যস্থতাকারী হিসেবে থাকা ওমান জানিয়েছে, দুই পক্ষই ‘নতুন ও সৃজনশীল ধারণা এবং সমাধান’ নিয়ে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে।
এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনা বেড়েছে। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শও দিয়েছে।
গত মঙ্গলবারের (২৪ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিলেও ‘কূটনৈতিক সমাধান’কেই অগ্রাধিকার দেয়ার কথা বলেন।
অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়। তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে আত্মরক্ষায় প্রস্তুত থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান ‘কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না’ — এ বিষয়ে তারা পরিষ্কার। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের জনগণের রয়েছে।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে। ট্রাম্প যাকে ‘আরমাডা’ বলেছেন, সেই মোতায়েনের মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী, একাধিক যুদ্ধজাহাজ, পাশাপাশি যুদ্ধবিমান ও রিফুয়েলিং এয়ারক্রাফট।
গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের প্রেক্ষাপটে ট্রাম্প প্রথম ইরানে বোমা হামলার হুমকি দেন। তবে পরে তার বক্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইরানের পারমাণবিক কর্মসূচি, যা দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধের মূল ইস্যু।
দশকজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান বরাবরই বলছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। যদিও পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র, যারা প্রায় অস্ত্রমানের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।