
ঢাকার আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ তাহেরুল হক বলেন, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অপরাধে গাড়ির চালকসহ পুলিশের বিভিন্ন স্তরের পাঁচজন সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পাশাপাশি জিএমপির হেডকোয়ার্টার্সের এক উপকমিশনারের (ডিসি) নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
গতকাল রোববার সকালে মোহাম্মদপুর থানার মাদক ও অস্ত্রসহ ২৫টি মামলার আসামি পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে সন্ধ্যায় তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে আনা হচ্ছিল। পথিমধ্যে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় পৌঁছালে সে প্রাকৃতিক কাজ সারার আকুতি জানায়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে সে কৌশলে পালিয়ে যায়।
চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শীর্ষ এই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা-পুলিশ। পলাতক পিচ্চি রাজাকে পুনরায় গ্রেপ্তারে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে।