News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয়শিল্পী সংঘ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-23, 9:43am

rifat_1-30f4ac188d23b3a8c7ffcf457664e8181790135026.jpg




শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এই শিল্পীকে শুরুতে বেড না পাওয়ায় দুই দিন ফ্লোরেই থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও চিকিৎসার ব্যয়ভার নিয়ে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন অভিনয়শিল্পী সংঘ।

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই কোমর ও পায়ের জটিল সমস্যায় ভুগছেন এই অভিনেতা। অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন না তিনি।

রিফাত চৌধুরীর অসুস্থতার খবরে শোবিজ মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নজর এড়ায়নি দেশের অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন অভিনয়শিল্পী সংঘের। এরপরই অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় তারা।

অভিনয়শিল্পী সংঘের একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে রিফাত চৌধুরীর সঙ্গে দেখা করে। তারা তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে চিকিৎসায় যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি লেখেন, ‘‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’— অভিনয়শিল্পী সংঘ সবসময় তার সদস্যদের পাশে থাকার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিদল জনপ্রিয় অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে যান।’’

রিফাত চৌধুরীর পাশে থাকার কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘অসুস্থ এই অভিনেতার সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে এবং আর্থিক সহযোগিতা করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সবসময় তার পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়েছে। অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পী ও সংশ্লিষ্ট সকলের বিষয়ে আন্তরিক এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ ও শক্তিশালী শিল্পী সমাজ গড়ে তুলতে হলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।’

একসময় বাংলা নাটকের দর্শকপ্রিয় অভিনেতা ছিলেন রিফাত চৌধুরী। তবে দীর্ঘদিন ধরে পরিবার থেকেও বিচ্ছিন্ন তিনি। শোবিজের সহকর্মীদের সঙ্গেও তেমন যোগাযোগ না থাকায় অনেকটা আড়ালেই কেটেছে তার সময়। অসুস্থতা ও একাকীত্বের মধ্যে থাকা এই শিল্পীর কঠিন সময়ে এবার সহমর্মিতার হাত বাড়িয়ে দিল অভিনয়শিল্পী সংঘ।