News update
  • Bangladesh Unaware of Hasina’s Status in India: Chief Prosecutor     |     
  • Rooppur to Supply 300MW to National Grid in September     |     
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     

নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-11, 6:10pm

4rwerwe324-f1013e764ca7d02d453df7acc82c8f6b1773231040.jpg




যুদ্ধের সময় আহত হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনি আহত হয়েছেন— এমন খবর তিনি শুনেছিলেন। পরে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে খামেনি ভালো আছেন এবং নিরাপদেই রয়েছেন।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত এক প্রবীণ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখনই এ মন্তব্য সামনে এলো। তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তিন দিন আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হন। তিনজন ইরানি ও দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে, যাদের নাম প্রকাশ করা হয়নি, এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে। সূত্র: দ্য গার্ডিয়ান