
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ কিন্তু এখনও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ভুল ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যেই যোগ্য প্রার্থীরা পর্যায়ক্রমে তাদের বহুল কাঙ্ক্ষিত নিয়োগপত্র হাতে পাবেন।
শিক্ষামন্ত্রী পোস্টে লেখেন, ‘আমরা লক্ষ্য করছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
শিক্ষামন্ত্রী পোস্টে আরও উল্লেখ করেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।’