News update
  • Govt to Build Padma, Teesta Barrages for Water Security     |     
  • Bangladesh Warned Repeatedly Over Measles Vaccine Gap     |     
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     

একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-19, 6:06pm

resize-350x230x0x0-image-212692-1676802330-7ab610f1915070abaf9e52044990ca6b1676808366.jpg




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সম্পূর্ণভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, আমাদের জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। প্রকৃতপক্ষে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমাদের নতুন জাতীসত্তা নির্মাণের যে চেতনা সেই চেতনা সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য ছাত্রসমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে সেদিন বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি বলেন, জাতি তার অধিকার থেকে স্বাধীনতার এত বছর পরেও বঞ্চিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার ও চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। আজও কথা বলার এবং লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত। আমাদের দুর্ভাগ্য, যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা, চিন্তা চেতনা বিকাশ এবং মুক্তচিন্তার জন্য। সেই বাংলা একাডেমি অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে বিভিন্ন বইয়ের প্রদর্শন বন্ধ করেছে। এর মাধ্যমে একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বিএনপি মহাসচিব বলেন, একুশে ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই যে, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের কথা বলার অধিকার, মুক্ত চিন্তার অধিকার এবং লেখার অধিকার নিশ্চিত করব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।