
চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। ভয়াবহ এই আকস্মিক বন্যায় নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩ জনে। খবর বার্তা সংস্থা এএফপির।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। এতে করে গত ২৬ আগস্টের হিমবাহ ও পর্বত ধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ জনে এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৬২৪ জনে।
হিমালয় পর্বতমালার ট্র্যাকার এবং হিন্দু ও বৌদ্ধদের পবিত্র স্থান তিব্বতের কৈলাশ পর্বত পরিদর্শনে আসা তীর্থযাত্রীসহ ৮০০ জনেরও বেশি বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
এছাড়া ভারতের বিভিন্ন নদী থেকে অন্তত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলো নেপাল থেকে ভেসে এসেছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। তবে এই মরদেহগুলোকে অফিশিয়াল মৃতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।