News update
  • Relatives hold cremations without bodies for Nepal’s missing flood victims     |     
  • Dhaka ranks 13th among cities with worst air quality on Sunday     |     
  • Dhaka South now worst dengue-hit municipality with 39 deaths     |     
  • Putin renew talks with US envoys at the Kremlin to end Ukraine war     |     
  • US strikes 3 Iranian oil tankers saying warships were targeted      |     

সাভারের আমিন বাজারে এবার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2026-09-06, 9:09am

saabhaar_esaai-a0aa86bc4ec06f118eb42f2b11fc46581788664144.jpg




সাভারের আমিন বাজার এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (সাব ইন্সপেক্টর) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলতাফ হোসেন (৫৮) ঢাকায় পুলিশের  স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজার বরদেশি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ। একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখে তিনি এগিয়ে যান। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। অপরাধ প্রবণ এলাকা হিসেবে একসময় মাদকের স্বর্গরাজ্য ছিল আমিনবাজার।

২০০৭ সালের ৩ মার্চ আমিনবাজারের সালেহপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন র‍্যাব-১১-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হুমায়ুন কবির এবং কনস্টেবল ফুল মিয়া। এছাড়াও আমিনবাজারে মতিউর রহমান নামে পুলিশের আর একজন সাব-ইন্সপেক্টরকেও হত্যা করে সন্ত্রাসীরা।