
রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শেষ হয়েছে। জাতীয় সংসদের সংসদকক্ষে বেলা দুইটায় ভোটগ্রহণ শুরু হয়; যা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।
দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। রাষ্ট্রপতি পদে মোট ৩৪৯ জন সংসদ সংসদ ভোটার হলেও ভোট দেন ৩৪৭ জন। কারণ ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস বিদেশে চিকিৎসাধীন এবং হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া অসুস্থতার কারণে চিকিৎসাধীন হওয়ায় তারা ভোট দিতে আসতে পারেননি।
অপরদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোটগ্রহণ করতে হয়েছে।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে বৈধ হলে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোটগ্রহণের সুযোগ সৃষ্টি হয়।