News update
  • ‘Violence will only defer a problem’: UN Assembly President     |     
  • Ninth Pay Scale Gazette Issued, Higher Salaries From July     |     
  • 11-Party Alliance Begins Dhaka-Rangpur Long March     |     
  • Iran claims it hit an oil tanker in the Strait of Hormuz     |     
  • Dhaka Air Quality Unhealthy for Sensitive Groups Saturday     |     

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2026-09-19, 11:51am

img_20260919_115049-4b59cea3ea173420de048db3fe1339111789797061.jpg




২০২৭ সালের পবিত্র হজ পালনের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে হজে যেতে ইচ্ছুকদের। তবে নির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি ও ১৫ বছরের কম বয়সী শিশুরা আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারেও হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, ২৭ জুলাই থেকে শুরু হওয়া হজের প্রাথমিক নিবন্ধন ২৪ সেপ্টেম্বর শেষ হবে এবং এর সময়সীমা আর বাড়ানো হবে না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে ১৫ বছরের কম বয়সী শিশুরা অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া দীর্ঘমেয়াদি হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। একইভাবে স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগীদের ক্ষেত্রেও হজে যাওয়ার অনুমতি থাকবে না। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।

গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।

হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকাদানের জন্য একটি জেলা নির্বাচন করতে হবে। পাশাপাশি হজের ধরন ও প্যাকেজও নির্বাচন করতে হবে।

এ ছাড়া হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মানুষের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।