
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। সফর ঘিরে বিভিন্ন কর্মসূচি, মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে এলাকাটি আলোচনায় এসেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে জ্যাকসন হাইটসে বিএনপির নেতাকর্মীদের কর্মসূচি ও সমাবেশের খবর পাওয়া গেছে। একই সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচির প্রস্তুতির কথা বলা হয়েছে। ফলে বাংলাদেশি অধ্যুষিত এলাকাটিতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে। এর আগে সফরের সময় আরও দীর্ঘ হওয়ার এবং নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের পরিকল্পনা থাকলেও পরে তা সংক্ষিপ্ত করা হয়।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তারেক রহমানের প্রথম ভাষণ। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন।
সফরে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে।