
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীতের বিশেষ আসর। এক মঞ্চে দেশের সাতটি ব্যান্ডের অংশগ্রহণে টানা সাত ঘণ্টাব্যাপী কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে গাইবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কনসার্টে দেশের সাতটি ব্যান্ড ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
মানিক মিয়া অ্যাভিনিউতে বড় পরিসরে এমন কনসার্টের খবরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে একই মঞ্চে সাতটি ব্যান্ডের টানা সাত ঘণ্টার পরিবেশনা দর্শকদের জন্য হতে যাচ্ছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
জানা গেছে, কনসার্ট ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায়। আর কনসার্ট শুরু হবে ৪টায়। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।
কনসার্টের খবরটি জানিয়ে ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’
প্রসঙ্গত, দিবসটি উপলক্ষে এবার সংগীত আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক আবহে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।