News update
  • Ocean’s ability to absorb carbon falling as CC intensifies     |     
  • Bangladesh, Japan Sign Four MoUs and Two Grant Agreements     |     
  • 46 Killed in Collision Between Two High-Speed Trains in Spain     |     
  • Tarique Urges Japanese Investment in Energy, Rail, Technology     |     
  • Tarique Seeks Japan’s Support to Diversify Bangladesh’s Exports     |     

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-10-29, 7:39am

img_20261029_073912-bd81ae9fb8d4f9b3bd4765ee402e20501793237986.jpg




দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে গান শোনাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর (সোমবার) ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। এর মধ্যে শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নগরবাউলখ্যাত জেমসের কনসার্ট।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে তার পরিবেশনা অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।

কর্মসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন রয়েছে।

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী এবং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন অংশ নেবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে উঠবেন জেমস। তার জনপ্রিয় গান উপভোগ করতে মুখিয়ে রয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্ট ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রিয় শিল্পীকে সরাসরি দেখার ও গান শোনার অপেক্ষায় রয়েছেন অনেকে।

এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।