News update
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     
  • Jamaat decides to take part in presidential election     |     

ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-09, 1:21pm

rtertryrty-2ef5566c01bf37d204874eeb1a10a4901773040897.jpg

৭ মার্চ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি



ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে।

স্থানীয় সময় রোববার (৮ মার্চ) এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি পারস্পরিক সিদ্ধান্ত হবে। আমরা নিয়মিত কথা বলছি। সঠিক সময় হলে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয় বিবেচনায় নেওয়া হবে। খবর টাইমস অব ইসরায়েলের। 

তবে তিনি ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারই থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ট্রাম্প বলেন, ইরান ইসরায়েলসহ আশপাশের দেশগুলো ধ্বংস করতে চেয়েছিল। আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান প্রায় চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করেছে। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।

এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের নতুন নেতা যুক্তরাষ্ট্রের অনুমোদন না পেলে তিনি দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না। তবে মোজতবা খামেনির নির্বাচনের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার প্রসঙ্গ তুলে তাকে ক্ষমা করার আহ্বানও জানিয়েছেন। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগকে উদ্দেশ্য করে বলেন, নেতানিয়াহুকে দ্রুত ক্ষমা করা উচিত যাতে তিনি পুরোপুরি যুদ্ধ পরিচালনায় মনোযোগ দিতে পারেন।

হারজোগের কার্যালয় জানিয়েছে, ক্ষমা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে এবং ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আইনের শাসন অনুসরণ করে।