News update
  • US Proposes New Tariffs on Bangladesh, 13 Other Economies     |     
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     
  • Adani's 800MW Power Unit to Remain Shut for 25 Days     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     

‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-11-25, 10:13pm

iraan-9ba226da70ff544bed849f18496efa6f1795623208.jpg




আলোচনার মাধ্যমে যেকোনো বিরোধ মেটাতে ইরান এখনো আগ্রহী, তবে কোনো চাপের মুখে তারা মাথা নত করবে না বলে জানিয়েছেন, ইতালিতে নিযুক্ত ইরানের নতুন রাষ্ট্রদূত আলী আকবর রেজাই। ইতালির সংবাদপত্র কোরিয়েরে দেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন, যা ইরানের বার্তা সংস্থা ইসনা প্রকাশ করেছে। খবর আল জাজিরার।

গত মাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল সংবাদপত্রটিতে দেওয়া রেজাইয়ের প্রথম সাক্ষাৎকার। তিনি জানান, আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে তা ধীরগতিতে চলছে।

রেজাই বলেন, ‘আলোচনার ক্ষেত্রে আমাদের কাছে চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণ- আমরা পারমাণবিক অস্ত্র চাই না ও আত্মসমর্পণও করব না; একই সঙ্গে আমরা আলোচনা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই।’

যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রদূত বলেন, ‘অন্য পক্ষগুলো যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে চায়, তবে আমরা আলোচনায় বসতে প্রস্তুত।’ এছাড়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তির নিয়ম অনুযায়ী নজরদারি ও যাচাইয়ের ব্যবস্থায় ফিরে যেতেও ইরান রাজি আছে বলে জানান তিনি।

গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে রেজাই বলেন, এই পথটি ঠিক যুদ্ধের আগের অবস্থায় ফিরে যেতে পারবে না, তবে এর নিরপেক্ষতা ফিরিয়ে আনা একটি ভালো সমাধান হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় সম্পর্কে জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্পের জন্য এটি ধারাবাহিক পরাজয়ের সর্বশেষ ঘটনা- যার শুরু হয়েছিল ইরানের প্রতিরোধের মুখে ও যা ইউরোপসহ সারা বিশ্বের সমালোচনার মধ্য দিয়ে এখনো চলছে।’