
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহতে ইসরায়েলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন ইরানের সংসদ স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই হামলা আবারও প্রমাণ করেছে, হয় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের সদিচ্ছা নেই, নয়তো তা করার সক্ষমতা নেই। খবর আল জাজিরার।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলি আগ্রাসনকে ইঙ্গিত করে গালিবাফ বলেন, ইসরায়েলি সরকারকে সবুজ সংকেত দিয়ে কোনো ছাড় আদায় করা যায় না। ‘ভালো পুলিশ ও খারাপ পুলিশের খেলা এখন সেকেলে হয়ে গেছে’।
বাঘের গালিবাফ আরও বলেন, যদি প্রতিশ্রুতি পূরণের সদিচ্ছা ও তা বাস্তবায়ন করার মতো ক্ষমতা বা সক্ষমতাই না থাকে, তবে এই কূটনৈতিক পথে এগিয়ে যাওয়ার কথা বলা সম্ভব নয়।
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হওয়ার পরই ইরানের এই শীর্ষ নেতার তরফ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এল।