News update
  • India's Interlinking of Rivers: An idea delinked from realities     |     
  • Explosion at China fireworks factory kills 26 people     |     
  • ‘US military adventurism’ responsible for new attacks on UAE     |     
  • Iran says US military killed five civilians in attacks on passenger boats     |     
  • Dhaka tops list of world’s most polluted cities     |     

যুদ্ধবিরতির আগে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-05-06, 8:38am

afp_20260505_a9w7463_v1_highres_ukrainerussiaconflictwar-0455339963b3c2aab4ccb9e642f1bb131778035138.jpg




যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) বিকেলে ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝঝিয়া এবং উত্তরের চেরনিহিভে ভারী বোমা হামলা চালানো হয়। জাপোরিঝঝিয়া অঞ্চলেই অন্তত ১২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর। খবর আল জাজিরার। 

দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ডনিপ্রো শহরেও হামলায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাতভর হামলায় পোলতাভা ও খারকিভ অঞ্চলের গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত এবং ৩৭ জন আহত হন বলে জানিয়েছে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজ। এই হামলার ফলে প্রায় ৩৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চরম ভণ্ডামির অভিযোগ এনে বলেন, একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে হামলা-এটি গ্রহণযোগ্য নয়। তিনি জানান, মঙ্গলবার রাত থেকে ইউক্রেনও যুদ্ধবিরতি মেনে চলবে এবং রাশিয়ার পদক্ষেপ অনুযায়ী প্রতিক্রিয়া দেবে।

এদিকে রাশিয়ার চুভাশিয়া রিপাবলিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুইজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া কিরিশি শহরের একটি বড় তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া একদিনে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৪টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিহত করা হলেও কিছু হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।