News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

নিখোঁজ পাইলটকে উদ্ধারের খবর নিশ্চিত করলেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-05, 11:50am

rgdrferee-04fa0f0a9e4b093cd169d10d79278e3f1775368245.jpg

যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। ছবি: মার্কিন বিমানবাহিনী



ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে শুক্রবার (৩ এপ্রিল) ভোরে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে বিপ্লবী গার্ডস বাহিনী। যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে আগেই উদ্ধার করা হয়েছে।

টানা দুই দিন মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের মাধ্যমে নিখোঁজ বাকি ক্রু সদস্যকেও উদ্ধার করা হয়। উদ্ধারের খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা তাকে (পাইলট) পেয়েছি! আমার প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধারের জন্য। তিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।’ 

তিনজন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের পর মার্কিন কর্মকর্তারা নিরাপদে ইরানের বাইরে নিয়ে গেছেন।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ পাইলটকে বিমান সহায়তায় একটি বিশেষ কমান্ডো ইউনিটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। সব বাহিনীই এখন ইরান ত্যাগ করেছে।

কর্মকর্তারা জানান, ইরানি বাহিনী যখন ওই বিমানসেনাকে আটক করতে এবং তার উদ্ধার ঠেকাতে দ্রুত অগ্রসর হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাদের ওপর বিমান হামলা চালায়। 

শুক্রবার ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের আরেক পাইলটকে বিমান বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়। ওই অভিযানের সময় ইরানি বাহিনী একটি মার্কিন হেলিকপ্টারেও আঘাত হানে।

অ্যাক্সিওস আরও জানায়, ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্যই একটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।