
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি যানবাহনের সামনের চাকা হয়, বিরোধী দল হয় পেছনের চাকা। একটাকে বাদ দিয়ে গাড়ি চলতে পারে না।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর।
জামায়াত আমির বলেন, আমরা সংসদে আমি-ডামি বিরোধী দল হতে চাই না। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলে রাষ্ট্রের উন্নয়নে কাজ করব।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।