News update
  • US Supreme Court Voids Donald Trump Global Tariffs     |     
  • India looks forward to engaging with new govt in Bangladesh     |     
  • No more running after doctors, services to reach doorsteps     |     
  • ‘Revolutionary’ shift in economy, stock market soon: Amir Khashru     |     
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     

বিএনপির শপথ না নেয়া গণরায়ের সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-02-19, 5:47pm

efettytr-7a9386a47677fa032fd2443b6e7194441771501628.jpg




নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সামনের দিকে এগোতে দিয়েছি।’

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিএনপির সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ভুল ব্যাখ্যা দিয়ে সংবিধানের দোহাই দিয়ে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেননি, যা সংস্কারের সঙ্গে প্রতারণা এবং গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।’

তিনি অভিযোগ করে বলেন, যারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে তাদের সবার সঙ্গে প্রতারণা করেছে। সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করতে দ্রুত অধিবেশন আহ্বান এবং তার আগে বিএনপির সদস্যদের শপথ নেয়ার দাবি জানান তিনি।

বর্তমান মন্ত্রিসভার গঠন নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যে তারুণ্য শক্তি পথ দেখিয়েছিল, মন্ত্রিসভায় তার প্রতিফলন ঘটেনি। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গড় বয়স ৬০ বছর হওয়ায় তারুণ্যকে উপেক্ষা করা হয়েছে এবং এতে আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা করা হয়নি বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, মন্ত্রিসভার প্রায় ৬২ শতাংশই ব্যবসায়ী, যেখানে রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকা উচিত ছিল। একে তিনি ‘নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং সংসদ সদস্যরা সেই ঋণ কবে পরিশোধ করবেন, তা বাংলাদেশের মানুষ জানতে চায়।’

গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত সুশাসনের যে স্বপ্ন ছিল, তা বর্তমানে প্রশ্নবিদ্ধ ও আশাহত বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।