
Saiful Huq, GS, Workers Party vampsigning for the election.
তারেক রহমান এক গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে আশাবাদ।
নানা অসংগতি ও সমালোচনা থাকলেও ঢাকা- ১২ আসনের নির্বাচনী ফলাফলকে আমরা মেনে নিয়েছি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, একটা বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনায় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা সূচিত হলো। আশা করা যায় দেশে এখন উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিসরও বৃদ্ধি পাবে।
বিবৃতিতে তিনি নির্বাচনে বিশাল বিজয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবেন।একইসাথে তিনি নির্বাচনে বিজয়ী সকলকেও অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের পটভূমিতে অনুষ্ঠিত নির্বাচন ও গঠিত সংসদ সংস্কারের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেয়া সকল ভোটারদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং আশা পোষণ করেছেন যে, সরকার ও জাতীয় সংসদকে তারা নিয়মিত জবাবদিহিতার মধ্যে রাখবেন।
বিবৃতিতে তিনি ঢাকা ১২ আসনের ৩১ হাজার ভোটারসহ দেশের ৭ টি নির্বাচনী এলাকায় যারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ঢাকা - ১২ আসনের নির্বাচনে কোদালের এজেন্টদের কক্ষে ঢুকতে না দেয়া, জাল ভোট, ভোট গননায় অসংগতিসহ নানা অভিযোগ থাকলেও এই ফলাফলকে আমরা মেনে নিয়েছি।
তিনি নির্বাচনে কালো টাকার প্রকাশ্য ছড়াছড়িসহ নানা ত্রুটি থাকা সত্বেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। - প্রেস বিজ্ঞপ্তি