News update
  • UNHCR, partners ask world not to forget Rohingya refugees in BD     |     
  • WMO Warns El Niño to Drive Global Extreme Weather     |     
  • SEC to be restructured with new leadership team: Finance Minister     |     
  • ‘May no other parent lose a child this way’, says Ramisa’s father     |     
  • 5 killed as car crashes into truck on Faridpur expressway      |     

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-26, 9:39pm

erewrew-322868718536e24bf58e8e76d9e5ef021769441992.jpg




একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সকলকে সচেতন থাকতে হবে। আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। আপনারা ভোটের হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গিয়েছে।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখন শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব কড়াই-গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালী হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।

তিনি বলেন, আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।

বিএনপির চেয়ারম্যান বলেন, ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।

মা-বোনদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা দেশ উন্নয়নের গর্বিত অংশীদার। আমরা আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করবো।

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, আপনারা তাকে ভোট দিন, আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো ইনশাআল্লাহ।

জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।