News update
  • Spend every penny of public money in national interest, PM orders officials     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     
  • Global trade reaches record $35 trillion despite conflicts     |     
  • Attack on Riyadh airport kills 12, injures over 300: Saudi     |     
  • Dhaka ranks 6th most polluted city     |     

বিএনপির নেতাকর্মীরা প্রহরীর মতো পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন : রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-10-11, 7:29am

rijbhii-39cbea81f873be1a4cc13bf0c77c976f1791682194.jpg




বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজায় ঘুমহীন প্রহরীর মতো প্রত্যেকটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী বলেন, দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী ভাইদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং সার্বিকভাবে তারা এই দুর্গাপূজার উৎসবে শামিল থেকে প্রত্যেকে যেন আনন্দ ভাগ করে নিতে পারে, এই বিষয়ে স্থায়ী কমিটির নেতারা আলোচনা করেন। কীভাবে সারা দেশে বিভিন্ন পূজামণ্ডপে দলের নেতাকর্মীরা স্থানীয় পূজামণ্ডপের পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করবেন, সে বিষয়ে সভায় আলোচনা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নানাভাবে দেশের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের নীলনকশা কেউ কেউ করছেন। সমস্ত ধরনের অপপ্রচার, অপকীর্তি ও ষড়যন্ত্রকে সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে, দক্ষ পরিচালনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে এবং আমাদের দলের নেতাকর্মীরা এ বিষয়ে সদা সতর্ক থাকবেন। তারা ঘুমহীন প্রহরীর মতো প্রত্যেকটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন।

রুহুল কবির রিজভী বলেন, ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে বিএনপির একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। এর আগেও আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে বলেছি, আমরা এ বিষয়ে অত্যন্ত কনসার্ন, আমরা প্রত্যেকে সজাগ আছি। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পরবর্তীতে করণীয় কী, আমরা কীভাবে সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি করব ইত্যাদি নিয়ে আমাদের নেতারা আলোচনা করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এই সভায় কোনো আলোচনা হয়নি। পরবর্তীতে আবার আলোচনা হলে জানাব।