News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2026-11-12, 9:58am

img_20261112_095744-a8e549b0b0b35002452e1a8a329ca0821794455916.jpg




আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণের পরিকল্পনার অংশ হিসেবে এ লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের অঙ্গীকার করা হয়েছে। সে অনুযায়ী, সরকারের প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৩৩-এর সরকারি দলের সংসদ সদস্য শাচত আরা আক্তার এ নোটিশ উত্থাপন করেন।

মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সরকার দুই দিনব্যাপী জাতীয় সৌরবিদ্যুৎ মেলার আয়োজন করে। এতে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে এবং সৌরবিদ্যুৎ সম্পর্কে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

ইকবাল হাসান মাহমুদ বলেন, সৌরবিদ্যুৎ সেবা সম্প্রসারণে দরপত্রের বিপরীতে ৮ হাজারের বেশি সরবরাহকারী আবেদন করেছেন। কর্মসূচি দ্রুত বাস্তবায়নে সরবরাহকারীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুফল সম্পর্কে মানুষকে জানাতে বিভাগীয় শহরগুলোতে এ ধরনের মেলার আয়োজন করা হবে। পর্যায়ক্রমে জেলা পর্যায়েও এ প্রচার কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অর্থনৈতিক সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, বাসাবাড়ির ছাদে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে আয় করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে। অন্যদিকে, এ বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ ব্যয় হবে প্রতি ইউনিট ৮ টাকা। ফলে গ্রাহক প্রতি ইউনিটে দুই টাকা আয় করতে পারবেন।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর প্যানেলের পাশাপাশি ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, শুধু সৌরবিদ্যুৎ যথেষ্ট নয়; এর সঙ্গে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাও প্রয়োজন। সরকার ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারে উৎসাহিত করতে কাজ করছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে ওই বাসভবন সম্পূর্ণ সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেখানে ব্যাটারি ব্যাকআপ থাকায় দিন-রাত ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

মানুষকে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহিত করতে সরকার প্রচার-প্রচারণা, বিজ্ঞাপন ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থও বরাদ্দ করা হয়েছে।

সৌরবিদ্যুৎ উন্নয়নসংক্রান্ত সম্প্রতি জারি করা অধ্যাদেশের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে এবং বেসরকারি খাতে বিনিয়োগের আগ্রহ বেড়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারির পর অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।

আশা প্রকাশ করে তিনি বলেন, নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ ও জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। এর মাধ্যমে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর দেশের নির্ভরশীলতাও কমবে।