News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

কুয়াকাটায় রাস-পূর্ণিমায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর পুণ্যস্নান

ধর্মবিশ্বাস 2026-11-21, 12:32am

ras-purnima-is-being-celebrated-in-kalapara-b71abb5a43cfb8380e77446a4fbcea6b1795199525.jpg

Ras Purnima is being celebrated in Kalapara.



কলাপাড়া (পটুয়াখালী) : রাস-পূর্ণিমা তিথি উপলক্ষে কুয়াকাটায় বসতে যাচ্ছে মতুয়া ভক্ত ও অনুসারীদের এক বিশাল মিলনমেলা। আগামী ২৩ নভেম্বর (সোমবার), ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান-২০২৬। শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বের ৬১টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং শ্রীধাম ওড়াকান্দি, কাশিয়ানী, গোপালগঞ্জের সংশ্লিষ্ট নেতৃত্বের সহযোগিতায় এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। পবিত্র রাস-পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মহা মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। আশীর্বাদক হিসেবে থাকবেন ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল, গদিসমাসীন গুরুদেব, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রম, বরগুনা। মঙ্গলদীপ প্রজ্বলন করবেন ব্রহ্মচারী শ্রী সুবোধ চাঁদ সেবাশ্রমের শ্রীমৎ প্রসেনজিৎ গোঁসাই, মহিপুর, কলাপাড়া।

মহাসম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান ড. গোকুল চন্দ্র বিশ্বাস এবং একই কমিটির সদস্য ড. সঞ্জয় কুমার দাস।

আয়োজকরা জানান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ও মতুয়া ধর্মীয় ভাবধারাকে ধারণ করে পবিত্র রাস-পূর্ণিমা তিথিতে এ ঐতিহাসিক মহাসম্মেলন ও পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষকে সবান্ধবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

কুয়াকাটার মনোরম সমুদ্রসৈকতে এ ধর্মীয় আয়োজন মতুয়া সম্প্রদায়ের ভক্ত-অনুসারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। - গোফরান পলাশ