News update
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     

শতভাগ দেশীয় পণ্য নিয়ে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-11-21, 5:25pm

img_20261121_172435-9eccc1a40ea133a550db392f59415ecc1795260300.jpg




ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬।

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে। এটি মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

মন্ত্রী জানান, এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত। পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ পণ্য, গহনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা মেলায় অংশ নেবেন। এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

তিনি বলেন, মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

শিল্পমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে ৬০ শতাংশ নারী।

মেলায় সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট নয় জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

মেলার সাত দিনে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন, জলবায়ু সহনশীল ঋণ ও বিমা ব্যবস্থা এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

শিল্পমন্ত্রী জানান, ইতোমধ্যে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির ক্রয়াদেশ পাওয়া গেছে।

এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পর্যন্ত ৭২ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দু’জন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা রয়েছেন।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।