News update
  • PM Vows to Build Trillion-Dollar Green Economy     |     
  • PM visits Bangladesh's Jute Pavilion at COP31     |     
  • Tarique Outlines Five Actions for Climate-Vulnerable Nations     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Thursday      |     
  • World Leaders See Tarique as Transformative Leader: Adviser     |     

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

বর্জ্য 2026-11-12, 6:23pm

a-stakeholders-consultation-meeting-on-plactic-recycling-waqs-held-in-kuakata-on-thursday-12-nov-2026-77913385c6ceff4e7574a2d34b3718581794486236.jpg

A stakeholders consultation meeting on plactic recycling waqs held in Kuakata on Thursday 12 Nov 2026



পটুয়াখালী: দেশের আকর্ষণীয় পর্যটন স্পট কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপি'র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।

এ ছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

তাঁরা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। - গোফরান পলাশ