News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

দিয়াজের জাদুতে উজবেকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু কলম্বিয়ার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-18, 2:07pm

colombia_0-2a543581db2f1e72e62f59306cce79e81781770029.jpg




বিশ্বকাপের ‘কে গ্রুপে’ দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে কলম্বিয়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অভিষেক বিশ্বকাপ খেলতে নামা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার শক্তিশালী দলটি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কলম্বিয়া। বল দখল, আক্রমণ গঠন এবং সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য ছিল তাদের। একের পর এক আক্রমণে উজবেক রক্ষণকে চাপে রাখা দলটি কাঙ্ক্ষিত গোলের দেখা পায় প্রথমার্ধের শেষদিকে। ৪০তম মিনিটে লুইস দিয়াজের তৈরি করা আক্রমণ থেকে ড্যানিয়েল মুনোজ জালে বল পাঠালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

বিরতির পর বদলে যাওয়া উজবেকিস্তান ম্যাচে ফেরার চেষ্টা চালায়। তাদের সেই প্রচেষ্টা সফল হয় ৬০তম মিনিটে। আবুশেক ফয়জুল্লায়েভ গোল করে বিশ্বকাপ ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোলের রেকর্ড গড়েন। তার গোলেই ম্যাচে ১-১ সমতা ফিরে আসে এবং গ্যালারিতে ছড়িয়ে পড়ে উজবেক সমর্থকদের উচ্ছ্বাস।

তবে সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কলম্বিয়া। মাত্র পাঁচ মিনিট পরই লুইস দিয়াজ নিজেই গোল করে দলকে আবারও এগিয়ে দেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখে উজবেকিস্তানের ওপর চাপ ধরে রাখে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।

যোগ করা সময়ের নবম মিনিটে জামিন্তন ক্যাম্পেজের গোল কলম্বিয়ার জয়ে শেষ পেরেক ঠুকে দেয়। তার গোলেই ৩-১ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে কলম্বিয়ানরা।

এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করল কলম্বিয়া। অন্যদিকে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলেও, ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোলের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান। ফলাফল তাদের পক্ষে না গেলেও স্মরণীয় এক মাইলফলক স্পর্শ করেছে মধ্য এশিয়ার দেশটি।