
জার্মান বুন্দেসলিগায় আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। পুরো মৌসুমে মাত্র একবার হারের স্বাদ পাওয়া বাভারিয়ানরা স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে নিশ্চিত করেছে লিগ শিরোপা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের হফেনহাইমের কাছে হারের পর বায়ার্নের জন্য প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট—কিন্তু তারা জয় দিয়েই উদযাপন করল কম্পানির দল।
ম্যাচের শুরুটা অবশ্য বায়ার্নের জন্য সহজ ছিল না। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা স্টুটগার্ট ২১ মিনিটেই এগিয়ে যায়। ক্রিস ফুহরিখের দারুণ কার্লিং শটে স্তব্ধ হয়ে যায় আলিয়াঞ্জ অ্যারেনা।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিকদের। ১০ মিনিট পরই রাফায়েল গুয়েরেইরো গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে চেলসি থেকে ধারে আসা ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন—হ্যারি কেইনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে দলকে এগিয়ে দেন।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বায়ার্ন। ৩৬ মিনিটে আলফোনসো ডেভিস লুইস দিয়াজের পাস থেকে দারুণ এক ফ্লিকে তৃতীয় গোলটি করেন, যা স্টুটগার্টের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে প্রায় শেষ করে দেয়।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন হ্যারি কেইন, এবং মাঠে নামার সাত মিনিটের মধ্যেই নিজের জাত চেনান। মৌসুমের ৩২তম লিগ গোল করে ব্যবধান ৪-১ করেন এই ইংলিশ স্ট্রাইকার। শেষ দিকে এক গোল শোধ দেয় স্টুটগার্ট। ৮৮তম মিনিটে গোল করেন চেমা আন্দ্রেস।
এই জয়ের ফলে গত ১৪ মৌসুমের মধ্যে ১৩তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ—যা তাদের জার্মান ফুটবলে একচ্ছত্র আধিপত্যের আরেকটি প্রমাণ।
এদিকে ট্রেবল জয়ের সম্ভাবনা রয়েছে বায়ার্নের। চলতি মাসেই ডিএফবি পোকালের সেমিফাইনালে বেয়ার লেভারকুজেন এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে তারা।