News update
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     

স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে বয়কট করল রিয়াল মাদ্রিদ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-04-11, 9:09pm

jgyuiyuiouoii-3c7d5d7edefc563c6976d67a8b3190481775920146.jpg




লা লিগায় রেফারি নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগটা অনেক পুরোনো। তবে এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে লস ব্লাঙ্কোসদের। তাই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। 

স্পেনের ফুটবল প্রশাসনের বিরুদ্ধে ‘অন্যায় ও কারচুপিতে ভরা রেফারিং ব্যবস্থা’ বজায় রাখার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদপত্র এএস।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রেফারিং ব্যবস্থা চালু করার সভাগুলোতে শুরুর দিকে ছিলেন জেনারেল ম্যানেজার অ্যাঞ্জেল সানচেজ। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান এবং ফেডারেশন প্রেসিডেন্টকে জানিয়ে দেন, এই চুক্তিতে মাদ্রিদ ক্লাব সই করবে না।

ক্লাব সূত্রগুলো বলছে, গতকাল (শুক্রবার) জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচে রেফারির বিতর্কিত কিছু সিদ্ধান্ত রিয়ালকে এই অবস্থানে যেতে বাধ্য করেছে। প্রতিপক্ষের এক খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে কনুইয়ের গুতো দিয়ে রক্তাক্ত করেন। 

ফরাসি তারকা বক্সের মধ্যে ফাউলের শিকার হলেও আলবার্তোলা রোজাস খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিও অ্যাসিন্ট্যান্ট রেফারিও রিপ্লে দেখার প্রয়োজন বোধ করেননি।

মাদ্রিদে এই পরিস্থিতিকে তারা ‘রেফারিকে দিয়ে পাতানো প্রতিযোগিতা’ আখ্যা দিয়েছে। রিয়ালের দাবি, প্রতি ম্যাচেই এমন বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাদের মনে হয়েছে, রেফারিং ব্যবস্থার আমূল সংস্কার না হলে তাদের উচিত ফেডারেশন থেকে দূরে থাকা।

ক্লাবের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র বলছেন, আমরা কোনো সুবিধা নিতে চাইছি না, চাই ন্যায়বিচার। যা ঘটছে তা অমার্জনীয় এবং মেনে নেওয়া যায় না।

এই উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। ওই ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিনের সঙ্গে ছিলেন স্প্যানিশ ফুটবল প্রধান রাফায়েল লুজান। 

কিন্তু তিনি বসেছিলেন কিছুটা দূরে, তাতেই ক্লাব ও ফেডারেশনের সঙ্গে শীতল সম্পর্কের আভাস জোরেশোরে মেলে। 

ক্লাব অবশ্য স্বীকার করেছে, বিতর্কিত রেফারিংয়ের কারণেই যে ঘরোয়া ফুটবলে রিয়াল ভুগছে, তা নয়; তবে তাদের পয়েন্ট হারানোর অন্যতম কারণ এটা। আপাতত আস্থা পুনরুদ্ধারের জন্য স্প্যানিশ রেফারিং ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া পর্যন্ত তারা এই অবস্থানে অনড় থাকবে।