News update
  • BNP govt to take office with economy at a crossroads     |     
  • Pahela Falgun brings colour, music as spring begins     |     
  • New MPs, cabinet members to be sworn in Tuesday     |     
  • Mamata sends sweets, flowers to Tarique Rahman     |     

ইতালিতে দেড় লাখ বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চয়তায়!

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-02-15, 10:17am

ertertw3r-37eb57f71b4768737a3120e65ac33aa41771129025.jpg

বর্তমানে ইতালিতে প্রায় ৬ লাখ বিদেশি অবৈধভাবে বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশি। ছবি: ভিডিও থেকে নেয়া



প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসীর বৈধতার দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমে। স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শহরে বিশাল সমাবেশের আয়োজন করে একটি সামাজিক সংগঠন। অবিলম্বে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ইতালি সরকারের প্রতি আহ্বান তাদের।

ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার আন্দোলন নতুন নয়। প্রায় তিন দশক ধরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা রাজপথে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার। এরই ধারাবাহিকতায় শুক্রবার রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে বিক্ষোভ সমাবেশ করেন শত শত মানুষ।

অনিয়মিত অভিবাসন মোকাবিলা ও অভিবাসন নীতি আরও কঠোর করার লক্ষ্যে সম্প্রতি ইতালির মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। এই বিলটি আইন হিসাবে কার্যকর হওয়ার আগে সংসদের উভয় কক্ষে আলোচনা হবে। তারপর দুটি কক্ষেই সেটি অনুমোদন করতে হবে।

বর্তমানে দেশটিতে প্রায় ৬ লাখ বিদেশি অবৈধভাবে বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশি। অনেক বাংলাদেশি বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও দালালদের খপ্পরে পড়ে অবৈধ হয়ে গেছেন।

বর্তমানে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। অভিবাসীর বৈধতা পাওয়া তাদের মৌলিক অধিকার বলে দাবি সমাবেশে আগতদের। দাবি অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান বের করতে চায় বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইতালিতে অবৈধ পথে প্রবেশের মিছিল থামছেই না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালে প্রায় ৬৬ হাজার অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেন, যার মধ্যে ৪০ হাজারেরও বেশি ছিলেন বাংলাদেশি। এমনকি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আরও ৭শ ৫৯ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন।