News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

লন্ডনে নাহিদ ইসলাম ও প্রবাসীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল সরকার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-11-17, 11:36pm

0gnnprjaatntrii_baanlaadesh_srkaar_4-4d5ebabbade08f8426d8f277a1b45c0a1794936981.jpg




যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সরকার।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর সঙ্গে জড়িত উপাদানগুলো এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে, যা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং যুক্তরাজ্যের প্রচলিত আইনে তাদের বিচারের আওতায় আনতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিবৃতিতে সরকার পুনরায় স্পষ্ট করে জানায়, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিকই যেন তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা এবং রাজনৈতিক মতামত প্রকাশের কারণে সহিংসতা বা ভয়ভীতির শিকার না হন।