News update
  • Stocks end week sharply lower as DSE, CSE indices tumble     |     
  • 'Not all collections in the road transport sector is extortion': Sk Rabiul     |     
  • Zubaida, Zaima take iftar with orphan students     |     
  • Dhaka ranks second among world’s most polluted cities Friday     |     
  • Dhaka to maintain ties with all countries with dignity     |     

এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ, ফি কত?

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-02-19, 6:41pm

rt4wr3w423-2a87ac1e2e60c3b69c59c5540e7abf441771504877.jpg




২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিনা বিলম্বে ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ মার্চ। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ টাকা জমা দেয়ার শেষ তারিখও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা ফি-এর হার

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য এই ফির পরিমাণ ২ হাজার ৪৩৫ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি প্রদান করতে হবে।

বিশেষ নির্দেশনা ও শর্তাবলি

যোগ্যতা: কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিলে তা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

সিলেবাস: নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন নবায়ন: ২০২০-২১ শিক্ষাবর্ষের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ২৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

মডেল টেস্ট: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে পরীক্ষার্থীদের সফলতার জন্য মডেল টেস্ট নিতে পারবে, তবে এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না এবং এটি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়।

বোর্ড আরও জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।