
জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক গণনার ভিত্তিতে আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম রোজা পালিত হতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় হিজরি ১৪৪৮ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ওই রাতেই অনুষ্ঠিত হবে বছরের প্রথম তারাবিহ নামাজ।
ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বছর গণনা করায় ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে প্রতি বছর রমজান মাস প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। হিজরি মাসের হিসাব অনুযায়ী রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিন হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভর করবে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটিগুলোর আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হবে।
বাংলাদেশের রমজান ও ঈদ
ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে বাংলাদেশে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি (সোমবার) এশার নামাজের পর সারাদেশে প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে প্রথম সাহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ৩০ দিন রোজা পূর্ণ হওয়া সাপেক্ষে বাংলাদেশে ১১ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরেই চূড়ান্ত ঘোষণা আসবে। সূত্র : কনস্ট্রাকশন উইক