
এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার ভোক্তাপর্যায়ে প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে।
এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ এক সিলিন্ডারে ২১২ টাকা বেশি গুনতে হবে ভোক্তাদের।
রোববার নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে এপ্রিলের শুরুতে প্রতি কেজি এলপিজির দাম ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা, যা পরে এক দফায় বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জাহাজভাড়া বৃদ্ধি এবং সৌদি আরবের প্রোপেন ও বিউটেনের মূল্য পরিবর্তনের কারণে এবার দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা।
সংস্থাটি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষণ করে এলপিজির দাম সমন্বয় করে থাকে। তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই নির্ধারিত দামে বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। সৌদি আরামকো প্রতি মাসে এসব উপাদানের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে, যা ‘সৌদি সিপি’ হিসেবে পরিচিত। এই সিপিকে ভিত্তি ধরেই দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়।