News update
  • Uncertainty continues over safety in the Strait of Hormuz     |     
  • Modi Claims Big Win in West Bengal State Polls     |     
  • Measles Outbreak Claims 17 Lives in Single Day     |     
  • Trump says US holding ‘very positive discussions’ with Iran over war     |     
  • Dhaka ranks 4th among the world’s most polluted cities Monday     |     

পশ্চিমবঙ্গের সরকার বদলালেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: শামা ওবায়েদ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-05, 12:16am

retertertwer-544977ecef9218a25cbe3e2b23671f771777918589.jpg




ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।  

তিনি বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সে কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। 

তিনি জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানিবণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশ আশাবাদী মনোভাব নিয়ে এগোচ্ছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।  

ভারতের ভিসা ইস্যু প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি উচ্চপর্যায়ের সফরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। 

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগির ট্যুরিস্টসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে।