News update
  • Dhaka Tops Global Air Pollution Index Again     |     
  • UN Unveils First Global AI Assessment Report     |     
  • Balogun scores and sees red as US beat Bosnia 2-0     |     
  • PM reviews projects to ease city’s traffic congestion     |     
  • Efforts underway to bring Hasina back for trial: Shama     |     

কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি, একজনের রিমান্ড

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-28, 7:07am

kumillaa-f9f246352c0bdc17d924df5299447d251777338435.jpg




কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অপর আসামি ইসমাইল হোসেন জনিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

কুমিল্লা চিফ জুডিশিয়াল আদালত-৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বীকারোক্তি ও রিমান্ড

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সোহাগ (৩০), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭) স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হলে আদালত তা রেকর্ড করেন। অন্য আসামি জনিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়।

হত্যার নেপথ্যে ছিনতাইকারী চক্র

এর আগে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম এনতেখাব চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রী সেজে ফাঁদে ফেলে বুলেট বৈরাগীকে হত্যা করে। গত ২৪ এপ্রিল প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন ২৫ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

যেভাবে ঘটে হত্যাকাণ্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ঘটনার রাতে ঝাগুরঝুলি এলাকায় বাস থেকে নামার পর আসামিরা তাকে কৌশলে সিএনজিতে তোলে। নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করলে বুলেট বৈরাগী বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, দা ও হাতুড়িসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।