News update
  • Mbappe fires France into World Cup last 16, Norway advance     |     
  • JS passes Tk 9.38 lakh crore budget for FY27     |     
  • Court ruling blocks Aslam Chowdhury’s MP oath     |     
  • Prioritise natural resources regeneration in budget to make dev holistic     |     
  • Finance Bill passed, tax-free threshold set at Tk 4 lakh     |     

সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-27, 8:30pm

rtyertyertrtre-7901abe2840c491201b18b7f8fed63681777300234.jpg




জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোরের উলাশী খালের পুনঃখননকাজ ও যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধনের অংশ হিসেবে যশোর সফরকালে প্রধানমন্ত্রী এ জনসভায় বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জান্নাতের টিকিট বিক্রেতারা জনগণের রায় দেখে হতাশ হয়েছে। জনগণ বিশ্বাস করে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এটা তাদের পছন্দ নয়। তাই তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, যতই অপপ্রচার চালানো হোক, জনগণ বিএনপির সঙ্গে আছে। ফলে আন্দোলনের নামে জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। বিএনপি জনগণের দল। জনগণের সব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ২০ বছর আগে যশোর মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার সেই কাজ এগিয়ে নেয়নি। শুধু হাসপাতাল নয়, বিএনপি সরকারের কোনো উন্নয়নকাজই তারা গতি পেতে দেয়নি। তাই শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা শুরু করেছি।

কৃষকদের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে এবং কৃষক কার্ড কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সরকার পর্যায়ক্রমে ১২ লাখ কৃষককে ঋণমুক্তির সুবিধা দেবে।

নারীদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কোটি নারী এই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের মতো নারীদের সুবিধার্থে এলপিজি কার্ডও দেয়া হবে। পাশাপাশি মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে এবং ভালো শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে।

কর্মসংস্থান সৃষ্টিতে দেশের সব বন্ধ কলকারখানা চালু করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া আগামী ২ মে থেকে পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, ৫০০ পেশাদার খেলোয়াড়কে সম্মানিত করা হবে।

পরিশেষে তিনি দেশ গড়তে সবার সমর্থন কামনা করে বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।