News update
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     
  • Face falsehood with truth, roundtable on false narratives told     |     
  • Bangladesh Enters Nuclear Power Era with Fuel Loading     |     
  • Security Tightened at 8 Airports Over Militant Alert     |     

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-04-28, 7:00am

haai_kmishaanaar-2b821d4592e97dee67891139adc5314c1777338055.jpg




বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ ও দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছে দিল্লি। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি। আজ সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন। এর মাধ্যমে দীর্ঘ সময় পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজনীতিতে অভিজ্ঞ ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীর সামনে এখন প্রধান কাজ হবে দুই দেশের বর্তমান তিক্ততা ঘুচিয়ে সম্পর্ক পুনরুদ্ধার করা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। তবে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর দুই দেশই সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। দিল্লি মনে করছে, এই দূরত্ব ঘোচাতে দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

দীনেশ ত্রিবেদীর বেড়ে ওঠা ও পড়াশোনা কলকাতায়। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি অত্যন্ত পরিষ্কার ও ঝরঝরে বাংলা বলতে পারেন এবং একজন দক্ষ সেতারবাদক। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততার কারণে দুই বাংলার সংস্কৃতি সম্পর্কেও তাঁর গভীর জ্ঞান রয়েছে।

আশির দশকে কংগ্রেসের মাধ্যমে রাজনীতি শুরু করলেও নব্বইয়ের দশকে তিনি জনতা দলে যোগ দেন। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস গঠনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং দলটির প্রথম সাধারণ সম্পাদক হন।

২০০৯ সালে ব্যারাকপুর থেকে লোকসভা সদস্য নির্বাচিত হয়ে মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং পরবর্তীতে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করে ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন দীনেশ ত্রিবেদী।